ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। বিপরীতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হয়েছে ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার। বরাবরের মতো বাণিজ্য অংশীদারদের তালিকায় শীর্ষে রয়েছে চীন।
মূলত যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য অংশীদারদের তালিকায় এই পরিবর্তন এসেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
মার্কিন শুল্ক নীতির চাপ সামলাতে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ। এর ফলে দেশটি থেকে গম, সয়াবিন বীজ, তুলা ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
অন্যদিকে, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত এক বছরে দুই দেশের মধ্যে বিভিন্ন নিয়মকানুন ও পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে বাণিজ্যে প্রভাব পড়েছে।
বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর বিশেষ সুবিধা বাতিল করে।
সব মিলিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও ঢাকার সঙ্গে ওয়াশিংটনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।
-স্বাধীন/এমএ
ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

