যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১২
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় শিশু ও চিকিৎসাকর্মীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালালে দুই শিশুসহ ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
এ ছাড়া নাবাতিহ প্রদেশের ওই এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। এর আগে রোববার নাবাতিহ জেলার আরব সালিম শহরে বিমান হামলায় সাতজন নিহত ও ২০ জন আহত হন।
ইসরাইলের দাবি, লক্ষ্য হিজবুল্লাহ
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় একটি ভবনে হামলা চালিয়েছে তারা। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইসরাইল।
ইসরাইলের ভাষ্য, ভবনটি হিজবুল্লাহর একটি স্থাপনার কাছে অবস্থিত ছিল এবং সেখান থেকেই বিস্ফোরক বহনকারী ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল।
যুদ্ধবিরতির পরও হামলা
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে ইসরাইল ও লেবাননের মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে একটি কাঠামোগত চুক্তি হলেও দক্ষিণ লেবাননে হামলা বন্ধ হয়নি।
চুক্তির আওতায় দক্ষিণ লেবাননে একটি ‘পাইলট জোন’ তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেবে এবং ইসরাইল ধীরে ধীরে সেনা প্রত্যাহার করবে।
তবে ইসরাইল এখনো দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম দখলে রেখেছে এবং আরও সেনা প্রত্যাহারে অনাগ্রহ দেখাচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হামলা বেড়ে যাওয়ায় দক্ষিণ লেবাননে নতুন করে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির পর অনেক বাসিন্দা নিজ এলাকায় ফিরে বাড়িঘর পুনর্নির্মাণ শুরু করেছিলেন।
চিকিৎসাকর্মীদের ওপরও হামলার অভিযোগ
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, মার্চের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
এ ছাড়া ২ মার্চ থেকে লেবাননের অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে ১৭৯টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
-স্বাধীন দিগাস্ত/ এস
যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১২

