সৌদিতে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

প্রকাশঃ Sep 21, 2026 - 11:56
সৌদিতে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট ৯ জন নিহত হয়েছেন।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন তারা।

আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুর্ঘটনাটি ঘটে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৬০ শতাংশের বেশি কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭ দশমিক ৯ শতাংশ।

সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারি প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করার ফলে দুর্ঘটনায় প্রাণহানি কমেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তবে আল-আহসার এই দুর্ঘটনা দেশটির সড়কে এখনো বিদ্যমান ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। নিহতদের পরিচয় এবং গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।


-স্বাধীন/এস

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
লোগো
Sep 21, 2026

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta