মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হঠাৎ বাড়ল তেলের দাম

প্রকাশঃ Sep 14, 2026 - 09:55
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হঠাৎ বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এর মধ্য দিয়ে গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন করা হয়। এই নৌপথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে তেলের সরবরাহ ব্যবস্থা নতুন করে চাপে পড়তে পারে। আর সেই আশঙ্কাই বিশ্ববাজারে তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।

-স্বাধীন/এস

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হঠাৎ বাড়ল তেলের দাম
লোগো
Sep 14, 2026

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হঠাৎ বাড়ল তেলের দাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta