ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী নিয়োগ? যা জানা গেল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈঠকের সময় ঘুমিয়ে পড়া থেকে জাগিয়ে রাখতে এক নারীকে বিশেষভাবে ‘নিয়োগ’ করা হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, গত ১০ আগস্ট ওভাল অফিসে একটি অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বারবার বন্ধ হয়ে আসার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই জল্পনার শুরু। ভিডিওতে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা এক নারীকে কয়েকবার পেটের কাছে হাত দিতে দেখা যায়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকজন ব্যবহারকারী দাবি করেন, ওই নারীর কাছে একটি বিশেষ ‘বাজার’ বা সতর্কসংকেত দেওয়ার যন্ত্র রয়েছে। ট্রাম্পের চোখ বন্ধ হয়ে এলে তিনি সেটি চাপ দিয়ে প্রেসিডেন্টকে জাগিয়ে দেন। কেউ কেউ মজা করে ওই নারীকে ‘দ্য জ্যাপার’ নামও দিয়েছেন। আবার এক ব্যবহারকারী রসিকতা করে বলেন, ট্রাম্পকে যেন ‘ল্যাপটপ রিবুট করার মতো’ আবার চালু করা হচ্ছে।
তবে অনেকেই এটিকে নিছক গুজব ও রসিকতা হিসেবে দেখছেন। তাদের যুক্তি, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা ওই নারীর পক্ষে প্রেসিডেন্টের চোখ বন্ধ হয়েছে কি না, তা সহজে বোঝার কথা নয়। এ ছাড়া তাকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে—এমন কোনো সরকারি তথ্যও পাওয়া যায়নি।
ট্রাম্পের পেছনে থাকা ওই নারীকে ২৭ বছর বয়সী জেমি লিগ ফ্র্যাঙ্কলিন হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি রক্ষণশীল ধারার গণমাধ্যম উদ্যোক্তা ও ভাষ্যকার।
‘দ্য কনজারভেটর’ নামে একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্কলিন এর আগে ট্রাম্প প্রশাসনের অধীনেও কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ‘বাজার’ তত্ত্ব নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
-স্বাধীন দিগন্ত/এমএ
ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী নিয়োগ? যা জানা গেল

