ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত
ভারতের নয়াদিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ, অন্যটি বঙ্গোপসাগরীয় বহু-খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর সভাপতি হিসেবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। পরে তিনি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনেও আমন্ত্রণ পান। অর্থাৎ, তিনি দুটি পৃথক আমন্ত্রণ পেয়েছিলেন; একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের এক ব্রিফিংয়েও জানানো হয়েছিল, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে ১৮তম ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ’ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জোটের প্রতিনিধিরাও অংশ নেন।
তবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
বাংলাদেশের পক্ষ থেকে এমন বক্তব্য আসার পর বিষয়টি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, তারেক রহমানের জন্য ভারতের দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি এখনো বহাল রয়েছে। ভারত গত ফেব্রুয়ারিতেই তাকে আলাদাভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল।
-স্বাধীন/এমএ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

