ইরানের দাবি, হরমুজে ধ্বংস করা হয়েছে দুই মার্কিন ড্রোন

প্রকাশঃ Sep 15, 2026 - 14:29
ইরানের দাবি, হরমুজে ধ্বংস করা হয়েছে দুই মার্কিন ড্রোন

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের মহাকাশ বাহিনী পরিচালিত ওই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ বলে জানানো হয়েছে।

এর আগে একই দিন হরমুজ প্রণালির পশ্চিমদিকেও আরেকটি এমকিউ-১ ড্রোন প্রতিহত করার দাবি করে আইআরজিসি। তবে ওই ড্রোনটি কে পরিচালনা করছিল কিংবা ঠিক কোন এলাকায় সেটিকে প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

শুধু মঙ্গলবারই নয়, এর এক দিন আগেও একই ধরনের একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছিল ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তখন এ তথ্য প্রকাশ করে।

পরপর কয়েকটি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ঘিরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। এই জলপথে জাহাজ চলাচল, নজরদারি এবং সামরিক উপস্থিতিকে ঘিরে বিভিন্ন সময় দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

সাম্প্রতিক ঘটনাগুলো সেই উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। তবে ইরানের দাবি করা ড্রোন ভূপাতিতের ঘটনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-স্বাধীন/এস

ইরানের দাবি, হরমুজে ধ্বংস করা হয়েছে দুই মার্কিন ড্রোন
লোগো
Sep 15, 2026

ইরানের দাবি, হরমুজে ধ্বংস করা হয়েছে দুই মার্কিন ড্রোন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta