হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র পোস্ট ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেছেন। ওই মানচিত্রে জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইরান নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি চুক্তির প্রস্তাব দেওয়ার পরপরই ট্রাম্প এই মানচিত্র পোস্ট করেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্ক ছেড়ে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান ট্রাম্পের বিভিন্ন হুমকির জবাব দেন। একই সঙ্গে তিনি জানান, তেহরান কূটনীতির পথ খোলা রাখতে আগ্রহী।
তিন শর্তে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তিনটি পদক্ষেপ নিলে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে তেহরান প্রস্তুত।
শর্তগুলো হলো—যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে, ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে নিতে হবে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত
মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘটনাপ্রবাহের মধ্যে সৌদি সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ওই হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
এদিকে ইরাক জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ইরানি বিমানের জন্য বিশেষ ছাড় পাওয়ার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পানি ও ঐতিহ্যবাহী উৎস দখলের চেষ্টা অব্যাহত রাখার অভিযোগও রয়েছে।
সূত্র: এবিসি নিউজ
-স্বাধীন/এস
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র পোস্ট ট্রাম্পের

