ফ্রান্সের দ্বৈতনীতির তীব্র সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে ইরানের বিষয়ে ফ্রান্সের ‘হস্তক্ষেপমূলক’ অবস্থানের কঠোর সমালোচনা করেন তিনি।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আরাগচি বলেন, ইরানকে ঘিরে ফ্রান্সের বর্তমান অবস্থান ‘অগ্রহণযোগ্য’। একই সঙ্গে ইরানে থাকা ফরাসি দূতাবাসকে দেশটির জাতীয় আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান তিনি।
আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে ফ্রান্সের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
মানবাধিকারের ক্ষেত্রে ফ্রান্স ‘দ্বৈতনীতি’ অনুসরণ করছে—এমন অভিযোগ তুলে আরাগচি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ‘মানবতাবিরোধী অপরাধ’ নিয়ে নীরব থেকে প্যারিস মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে না।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন সংবাদমাধ্যমকে বলেছিলেন, কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা ফ্রান্সের নেই। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ফ্রান্স আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।
-স্বাধীন/এমএ
ফ্রান্সের দ্বৈতনীতির তীব্র সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

