হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে: আইআরজিসি

প্রকাশঃ Aug 29, 2026 - 15:43
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে: আইআরজিসি

কৌশলগত হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর রয়টার্সের।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, ইরানের সঙ্গে আগাম সমন্বয় ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়, কৌশলগত এই জলপথের ওপর ইসলামি প্রজাতন্ত্রের বাহিনীর নিয়ন্ত্রণ ‘সম্পূর্ণ ও নিরঙ্কুশ’। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার যে দাবি করছেন, তা তেলের দাম নিয়ন্ত্রণ এবং যুদ্ধে নিজেদের পরাজয় আড়াল করার চেষ্টা বলেও অভিযোগ করেছে ইরান।

ইরানের নৌবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া এবং প্রায় আড়াই মাস আগে স্বাক্ষরিত একটি কাঠামোগত চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। ইরানের ভাষ্য অনুযায়ী, ওই চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য সম্পূর্ণ আলাদা। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান ব্র্যাড কুপার বৃহস্পতিবার জানান, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির আন্তর্জাতিক নৌপথ থেকে মাইন সরিয়ে দিয়েছে। ফলে এখন এসব পথে জাহাজ চলাচল উন্মুক্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত এবং এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থার তথ্য অনুযায়ী, গত সাত দিনে প্রতিদিন গড়ে প্রায় ২৯টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব অনুযায়ী, প্রতিদিন এই জলপথ দিয়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত।

তেল, গ্যাস ও সার রপ্তানির ক্ষেত্রে হরমুজ প্রণালি উপসাগরীয় দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে জলপথটি নতুন করে বড় ধরনের উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাত ও অচলাবস্থার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে আবারও বিরোধ তীব্র হয়েছে। ওয়াশিংটনের কাছ থেকে বিভিন্ন ছাড় আদায়ের চেষ্টা করছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের নেতৃত্বকে চাপে রাখার চেষ্টা করছেন।

সূত্র: রয়টার্স

-স্বাধীন/এমএ

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে: আইআরজিসি
লোগো
Aug 29, 2026

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে: আইআরজিসি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta