তারেক রহমানকে নিয়ে বিবৃতি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করল ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিবৃতি এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
ভারতের রাষ্ট্রপতি ভবন শুক্রবার দুপুর ২টার দিকে এক বিবৃতিতে জানায়, আগামী শনিবার (২২ আগস্ট) সেখানে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। বাংলাদেশি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনাকে সামনে রেখে ওই দিন পূর্ণাঙ্গ মহড়ার আয়োজন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান বন্ধ থাকবে।
তবে তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে তখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, সফরের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই বিবৃতির মাধ্যমে সামনে চলে আসায় সেটি প্রত্যাহার করা হয়।
পরে বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতি ভবন নতুন একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, ২১ আগস্ট ‘No Change of Guard Ceremony this Saturday’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর দীর্ঘদিনের রীতি রয়েছে। এ সময় সামরিক বাহিনীর তিন শাখার সদস্যদের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত অতিথির পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে পরে সফররত নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।
সাধারণত আনুষ্ঠানিক অভ্যর্থনার আগের দিন এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। ফলে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান বাতিলের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশি প্রধানমন্ত্রীর সম্ভাব্য আনুষ্ঠানিক অভ্যর্থনার বিষয়টি আগেভাগেই প্রকাশ্যে চলে আসে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটিই প্রথম ভারত সফর হওয়ার কথা। তবে সফরের তারিখ, কর্মসূচি বা আনুষ্ঠানিক সফর নিয়ে এখনো ঢাকা ও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
-স্বাধীন/ এমএ
তারেক রহমানকে নিয়ে বিবৃতি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করল ভারত

