বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নিয়িম্বা মারা গেছেন
বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিত উগান্ডার রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ মারা গেছেন। মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে বসা এই রাজার মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তোরো রাজ্যের প্রধানমন্ত্রী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডা প্রজাতন্ত্র নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে পরিচালিত হলেও দেশটিতে এখনো কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র টিকে আছে। উপনিবেশ-পূর্ব সময় থেকে চলে আসা এসব রাজ্যের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী। তবে সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে।
ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ ছিলেন উগান্ডার পশ্চিমাঞ্চলের ছোট রাজ্য তোরোর রাজা। রাজ্যটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেন ওয়ো নিয়িম্বা। এর মাধ্যমে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিতি লাভ করেন।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রওমিরে আকিকি বলেন, গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে তিনি তোরোর ‘ওমুকামা’ বা রাজা মহামান্য ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করছেন।
আকিকি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে রাজার মৃত্যু হয়।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
-স্বাধীন/ এমএ
বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নিয়িম্বা মারা গেছেন

