ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

প্রকাশঃ Sep 26, 2026 - 16:27
ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান সাত দিনের জন্য সংঘাত বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল। এ সময়ের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর কথা বলা হয়।

এর বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে ট্রাম্পের ধারণা, ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখলে ওয়াশিংটন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আরও কার্যকর অবস্থানে থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি পরিকল্পনা পাঠিয়েছে তেহরান।

তিনি বলেন, প্রস্তাবে প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং আটকে থাকা ইরানি সম্পদ ছাড়ার মতো পদক্ষেপ নেওয়ার প্রস্তাব রয়েছে।

এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার এবং সপ্তম দিনে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কথা বলা হয়েছে।

তবে ডব্লিউএসজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলবে কি না, তা নিয়ে ট্রাম্পের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। এ কারণে আপাতত কোনো চুক্তিতে যেতে তিনি আগ্রহী নন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের অপেক্ষায় থেকে চুক্তি করতে বিলম্ব করছে। নির্বাচনের পর দুই দেশের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে কূটনৈতিক আলোচনাকে যুক্ত করতে চায় না তেহরান।

এদিকে সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও এখনো কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ রয়েছে।

সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

-স্বাধীন/এমএ

ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
লোগো
Sep 26, 2026

ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta