প্রশিক্ষণ মহড়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে যুদ্ধবিমানটির সঙ্গে থাকা আরেকটি বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সম্ভাব্য বিপদের কথা জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বলতে শোনা যায়, বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে।
এরপর স্থানীয় সময় বিকেলে আবাসিক এলাকার কাছের একটি মাঠে F-16 যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে। দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হন।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগেই তিনি নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিমানটি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।
দুর্ঘটনার পর বিমান থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
তবে যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে এবং ইঞ্জিনে ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
-স্বাধীন/এস
প্রশিক্ষণ মহড়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

