হুথিদের মোকাবিলায় ইসরাইলের সঙ্গে সৌদির যোগাযোগ, মধ্যস্থতায় সেন্টকম
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নিতে সৌদি আরব যোগাযোগ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম। এ যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম (CENTCOM)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায় ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম। পরে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে টাইমস অব ইসরাইলও।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের মূল লক্ষ্য হুথিদের বিষয়ে ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এসব তথ্য ব্যবহার করে হুথিদের সম্ভাব্য হামলা মোকাবিলা এবং সৌদি ভূখণ্ডকে সুরক্ষিত রাখার পরিকল্পনা নেওয়া হতে পারে।
ইসরাইল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেন্টকমের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে হুথিদের বিষয়ে ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টিও এই উদ্যোগের আওতায় রাখার অনুরোধ করেছেন তিনি।
শুধু ইসরাইল নয়, মিসর ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশগুলোর কাছেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ না নিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশটির সরকারকে পরামর্শ দিয়েছে।
হারেৎজের দুই সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বকে জানিয়েছেন, হুথিদের মোকাবিলায় ইসরাইলের ভূমিকা যেন আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাদের আশঙ্কা, হুথিদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিলে ইসরাইল সৌদি-হুথি সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়তে পারে।
-স্বাধীন/এস
হুথিদের মোকাবিলায় ইসরাইলের সঙ্গে সৌদির যোগাযোগ, মধ্যস্থতায় সেন্টকম

