নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

প্রকাশঃ Aug 26, 2026 - 17:46
নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই বন্যায় দেশটির কয়েকটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদন অনুযায়ী, নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে তীব্র স্রোতে আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত করে। নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির ঢলেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়।

বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ১০৫ জন ভারতীয় নাগরিকসহ আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে ‘নেপাল নিউজ’ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক।

নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। পাশাপাশি দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে উদ্ধার ও তৎপরতা জোরদার করেছে নেপাল সরকার। নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

-স্বাধীন/ এমএ

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক
লোগো
Aug 26, 2026

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta