সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাহাড়ের ঢালে বিধ্বস্ত হওয়া বিমানটির তিন আরোহীর কেউই বেঁচে নেই।
বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ভ্যালাইস আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে বিমানটি উড্ডয়ন করে। ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক ইঞ্জিনের বিমানটি ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে আঘাত করে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে বিমানের ভেতরে থাকা তিন আরোহীকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্য আরোহীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে তিনটি হেলিকপ্টার এবং দুইজন বিশেষজ্ঞ উদ্ধারকর্মীসহ জরুরি সেবাদানকারী দলের সদস্যরা অংশ নেন।
বিমানটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-স্বাধীন/এমএ
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

