নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদের বিরোধিতা পাকিস্তানসহ ১২ দেশের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) নতুন স্থায়ী সদস্যপদ তৈরির বিরোধিতা করেছে পাকিস্তানসহ ১২টি দেশ। নতুন স্থায়ী সদস্য যুক্ত করার পরিবর্তে নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি আবর্তনশীল সদস্যপদ চালুর পক্ষে মত দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ গোষ্ঠীর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।
গোষ্ঠীটির ১২ সদস্য হলো—আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক।
নির্বাচিত সদস্য বাড়ানোর পক্ষে
যৌথ বিবৃতিতে বলা হয়, আরও প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর নিরাপত্তা পরিষদ গড়ে তোলাই তাদের অভিন্ন লক্ষ্য। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এমন একটি নিরাপত্তা পরিষদ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
গোষ্ঠীটির মতে, নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানো হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার নীতিও সংরক্ষণ করা সম্ভব হবে।
বিশেষ করে আফ্রিকার দীর্ঘদিনের প্রতিনিধিত্বের ঘাটতি পূরণে নির্বাচিত সদস্য বাড়ানোকে তারা ন্যায্য ও গণতান্ত্রিক উপায় হিসেবে দেখছে। একইভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মতো কম প্রতিনিধিত্ব পাওয়া অঞ্চলগুলোর অংশগ্রহণও এতে বাড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইজিএনকে সমর্থন
নতুন স্থায়ী সদস্যপদ তৈরির বিষয়ে নিজেদের বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ‘ইউনাইটিং ফর কনসেনসাস’। একই সঙ্গে নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়া বা আইজিএনকে সমর্থন জানিয়েছে গোষ্ঠীটি।
তাদের মতে, নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর নেতৃত্বে আলোচনার জন্য আইজিএনই বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম। সংস্কারের পরবর্তী ধাপ সংলাপ, নমনীয়তা ও সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত বলেও তারা জানিয়েছে।
ভেটো ক্ষমতা নিয়েও অবস্থান
ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে গোষ্ঠীটি। তবে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে ভেটোর ব্যবহার সীমিত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
বিশেষ করে ব্যাপক নৃশংসতা ও যুদ্ধাপরাধের মতো পরিস্থিতিতে ভেটোর ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগ এবং ‘অ্যাক্ট কোড অব কনডাক্ট’-এর মতো বিদ্যমান উদ্যোগগুলোর কথাও উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিরাপত্তা পরিষদের ব্যাপক সংস্কারের লক্ষ্যে সাধারণ পরিষদের সভাপতি, ভবিষ্যৎ আইজিএনের সহসভাপতি এবং সব সদস্যরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
-স্বাধীন/এস
নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদের বিরোধিতা পাকিস্তানসহ ১২ দেশের

