ইমরান-বুশরাকে নিয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একাকী বন্দি না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচারপতি খাদিম হুসাইন সোমরো এ নির্দেশ দেন।
আদালতের নতুন এই আদেশে কিছুটা স্বস্তি ফিরেছে ইমরান খান ও তার পরিবারের মধ্যে। আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ইমরান খানের সঙ্গে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে এসব কথোপকথন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে কারা কর্তৃপক্ষ এ সুবিধা বন্ধ করতে পারবে বলে আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
কারাবন্দি অবস্থায় ইমরান খানকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ এবং জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
তবে আদালতের এই নির্দেশনা পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের প্রশাসন বাস্তবে কতটা কার্যকর করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে আদালত একাধিক নির্দেশ দিলেও নানা কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
এবার আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে আদালতের দেওয়া সব নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা উল্লেখ করতে হবে।
ইমরান খানের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে এমন অভিযোগও এর আগে একাধিকবার উঠেছে। সম্প্রতি এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়কও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে এ বিষয়ে চিঠিও দিয়েছেন। বিষয়টি নিয়েও ইসলামাবাদ হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন।
দুর্নীতিসহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত ৭৩ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইমরানের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদেরও নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।
-স্বাধীন/এমএ
ইমরান-বুশরাকে নিয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ

