দাবি পূরণ হয়নি, ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির
সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারতজুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
পরবর্তী কর্মসূচি ঠিক করতে সোমবার (২৪ আগস্ট) জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও ডেকেছে দলটি।
সিজেপির দাবি, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনও পূরণ হয়নি। এ পরিস্থিতিতে নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সর্বশেষ আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদির সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর বেশিরভাগই এখনও পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনও দেয়া হয়নি।
এমন অবস্থায় মোদি সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে, তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি কী হবে, সেই সিদ্ধান্তও নেয়া হবে এই বৈঠকে।
রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েই আলোচনা করা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।
আর তাই সিজেপি দেশজুড়ে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। এরপর ‘কেন্দ্রীয় সরকারের আচরণে গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি নতুন করে এই ঘোষণা দিল।
সিজেপির নেতারা বলছেন, নতুন করে উত্তেজনা তৈরির তাৎক্ষণিক কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে হওয়া একটি শুনানি। তাদের দাবি, বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তির জন্য আদালত বারবার সরকারের সহযোগিতা চেয়েছে।
সিজেপি জানিয়েছে, ‘দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। যাতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত একবারেই সব মামলা বাতিল করতে পারে।’
তবে আদালতের বারবার অনুরোধের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেয়ার বিষয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি।
দলটির দাবি, আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সব এফআইআর পুরোপুরি প্রত্যাহার বা বাতিল করা, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং ‘নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণ’ দেয়ার লিখিত নিশ্চয়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি নথিবদ্ধ করতে সরকারের প্রতিনিধিরা এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেননি।
সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। দলটি সতর্ক করে বলেছে, ‘আমাদের সদিচ্ছাকে দুর্বলতা মনে করা যাবে না। শান্তিপূর্ণ আন্দোলন শেষ করার প্রতিশ্রুতি দিয়ে পরে রাজপথ ফাঁকা হয়ে গেলে সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে পুরো একটি প্রজন্মকে অপমান করার সুযোগ মোদি সরকারকে আমরা দেব না।’
এসটিআর
দাবি পূরণ হয়নি, ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির

