গাড়িতে আটকে পেট্রোল ঢেলে আগুন, ভারতীয় সেনাসদস্যের মৃত্যু
ভারতের বিহারে গাড়ির ভেতরে আটকে এক সেনাসদস্যের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় শত্রুঘ্ন যাদব নামের ওই সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুঘ্ন যাদব বিহারের কাইমুর জেলার রামগড় থানার সাহুকা গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রামগড়ে বিক্ষোভ করেন বিপুলসংখ্যক গ্রামবাসী। তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অর্থ লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে যাদবকে রামগড়ে ডেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তাকে একটি গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে বারানসির একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে লখনৌয়ের একটি সেনা হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ
যাদবের মৃত্যুর খবর সাহুকা গ্রামে পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিপুলসংখ্যক মানুষ মিছিল নিয়ে রামগড়ের দিকে যান। এ সময় তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা দুর্গা চকে সড়ক অবরোধ করলে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে কয়েকজন বিক্ষোভকারী রামগড় থানার কাছেও জড়ো হন এবং থানা ঘেরাওয়ের হুমকি দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রামগড়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের শান্ত করতে সেখানে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি এসডিএম ও ডিএসপিও উপস্থিত ছিলেন।
সাতজনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার তিন
পুলিশ সুপার শিখর চৌধুরী বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (এসএইচও) ভূমিকা নিয়েও তদন্ত করা হবে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাতজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি চারজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। অর্থ লেনদেন নিয়ে বিরোধের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং হামলার ঘটনায় অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
-স্বাধীন/এস
গাড়িতে আটকে পেট্রোল ঢেলে আগুন, ভারতীয় সেনাসদস্যের মৃত্যু

