বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে
বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। তিনি জানান, ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক ভিসা ইস্যু করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় উপহাইকমিশনার।
এ সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর জোর দেন পবনকুমার বাধে। তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তার দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতাও কামনা করেন তিনি।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একটি যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি দুই দেশের উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
-স্বাধীন/এস
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে

