যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত প্রায় সাত মাস ধরে অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি বিশেষ প্রস্তাব দিয়েছে ইরান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান। মধ্যস্থতাকারী একটি দেশের মাধ্যমে এরই মধ্যে প্রস্তাবটি মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইরানের প্রস্তাবে সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণের কথা বলা হয়েছে। এর মধ্যে গাজা ও লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে হামলা সম্পূর্ণ বন্ধ করা, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেওয়া এবং ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি রয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার কথাও বলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলে সাত দিনের শেষ দিনে ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিয়ে দুই দেশের মধ্যে তাৎক্ষণিকভাবে আলোচনা শুরুর প্রস্তাবও রাখা হয়েছে।
এর আগে গত জুনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। তবে বিভিন্ন শর্ত নিয়ে মতবিরোধ এবং পরস্পরকে দোষারোপের কারণে কয়েক সপ্তাহের মধ্যেই সেই সমঝোতা ভেস্তে যায়। ফলে নতুন প্রস্তাব নিয়ে ওয়াশিংটন সতর্কতার সঙ্গে এগোতে চাইছে। মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না। তবে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দ্রুত কোনো সমাধানে পৌঁছানোর সম্ভাবনা কম। তাদের ভাষ্য, আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মার্কিন নির্বাচনের আগে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ বা বড় ধরনের সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে।
সূত্র: আল-জাজিরা
-স্বাধীন/এমএ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

