নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক

প্রকাশঃ Aug 26, 2026 - 20:06
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক

নেপাল ও তিব্বত সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যা, পাহাড়ধস ও তুষারধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুহূর্তের মধ্যেই পাহাড় থেকে নেমে আসা মাটি ও পলির বিশাল স্রোত পুরো এলাকা গ্রাস করে নেয়। প্রাণ বাঁচাতে মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই কালো মাটি ও পলির স্রোতে ঢেকে যায় চারপাশ। এতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১০৫ ভারতীয় নাগরিকসহ ৩৪১ জন পর্যটক। স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ঘটনাটিকে দুর্যোগ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রসুয়া জেলার প্রশাসক জানিয়েছেন, সেখানে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) আকস্মিক বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে গেছে। প্রবল স্রোতে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেসে গেছে।

নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যার পর রসুয়া জেলায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় ও ১২ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন।

নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়েও বন্যার প্রবল স্রোত বয়ে যায়। ভোতেকোশি নদীর পানি দ্রুত বেড়ে গিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত করে। নেপালি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের সীমান্তবর্তী এলাকা থেকে নেমে আসা পানির ঢল থেকেই এই বন্যার সূত্রপাত হতে পারে।

এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্য নিখোঁজ বলে জানানো হয়েছে।

দুর্যোগকবলিত এলাকায় হেলিকপ্টার ও উদ্ধারকারী দল পাঠিয়েছে নেপাল সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে একটি বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যেতে পারে। পরে এর ফলে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। ভোতেকোশি লেন্দে নদীর একটি উপনদী।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সীমান্তের কাছে ভূমিধসের ঘটনা ঘটে এবং তা জিরং বন্দরে আঘাত হানে। এতে নেপাল সীমান্তবর্তী শিগাতসে অঞ্চলের সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দুর্গত এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। যাচাই করা ভিডিওতে সীমান্তবর্তী এলাকায় মানুষকে প্রবল পানির স্রোতে ভেসে যেতে দেখা গেছে। দুই দেশের কর্তৃপক্ষই আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিব্বতের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী গিরং এলাকায় ভূমিধসের পর বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বুধবার দেশটির পার্লামেন্টে বলেন, একটি ভূমিকম্পের কারণে তুষারধস বা পাহাড়ধসের সৃষ্টি হয়ে সেখান থেকেই বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে।

সূত্র: রয়টার্স, কাঠমান্ডু পোস্ট ও সিনহুয়া

-স্বাধীন/ এমএ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক
লোগো
Aug 26, 2026

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta