মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

প্রকাশঃ Sep 16, 2026 - 17:36
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে ভারতসহ ১০টি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। বুধবার বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে।

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে প্রক্রিয়াগত অনুমোদন পায়। দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতা রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়ায় বিলটি পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পায়। এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল।

প্রস্তাবিত আইনে রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে সহায়তাকারী কথিত ‘ছায়া বহর’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া রাশিয়ার জ্বালানি আমদানি করে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব রয়েছে বিলটিতে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রতিনিধি পরিষদে জমা দেওয়া একটি সংশোধনীতে সম্ভাব্য শুল্কের আওতায় থাকা ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। দেশগুলো হলো ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

তবে বিলটির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা গ্রেগরি মিকস। তাঁর মতে, প্রস্তাবটি প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে অতিরিক্ত বিস্তৃত ক্ষমতা দেবে, যার ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ নাও থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি থেকে পাওয়া অর্থ ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার অর্থায়নে ভূমিকা রাখছে।

এদিকে ওয়াশিংটনে ইউক্রেনপন্থি বিভিন্ন সংগঠনও বিলটির বিষয়ে আইনপ্রণেতাদের ওপর চাপ বাড়াচ্ছে। ‘ইউক্রেন অ্যাকশন সামিট’-এর মাধ্যমে কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের পক্ষে প্রচার চালানো হচ্ছে।

প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার থেকে প্রতিনিধি পরিষদের আগাম অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে।

-স্বাধীন/এমএ

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
লোগো
Sep 16, 2026

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta