সিএনএনসহ তিন গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশঃ Sep 24, 2026 - 15:07
সিএনএনসহ তিন গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল আদালত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করে তিন গণমাধ্যম। একই সঙ্গে নিষেধাজ্ঞা স্থগিতের জন্য আদালতের কাছে জরুরি আদেশ চাওয়া হয়।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে বিচারক টিমোথি কেলি অবিলম্বে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেন।

বিচারক বলেন, সাংবাদিকদের প্রেস পাস বাতিলের সিদ্ধান্তটি সম্ভবত সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। তাঁর মতে, সাধারণ নিয়ম অনুযায়ী সাংবিধানিকভাবে সুরক্ষিত কোনো অধিকার থেকে কাউকে বঞ্চিত করার আগে তাঁকে বিষয়টি জানানো এবং নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হয়।

আদালতের দেওয়া প্রবেশাধিকার পুনর্বহালের আদেশটির মেয়াদ ১৪ দিন।

ট্রাম্পের অভিযোগ

এর আগে গত শুক্রবার ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেন।

ট্রাম্পের দাবি, এসব গণমাধ্যম ‘ভুয়া খবর’ ও ‘মিথ্যা তথ্য’ প্রকাশ করে।

তবে আদালতে করা মামলায় সিএনএন, এমএস নাউ ও পলিটিকো বলেছে, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। ওই সংশোধনীতে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা রয়েছে।

নির্বাচনী প্রচার এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে ট্রাম্প গণমাধ্যমের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। সর্বশেষ এই নিষেধাজ্ঞা নিয়ে আদালতের হস্তক্ষেপের ফলে হোয়াইট হাউসে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকার আপাতত পুনর্বহাল হলো।

সূত্র: সিএনবিসি


-স্বাধীন/এস

সিএনএনসহ তিন গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত
লোগো
Sep 24, 2026

সিএনএনসহ তিন গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta