মার্কিন সামরিক ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের দুর্গম একটি সামরিক রাডার ঘাঁটিতে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।
স্থানীয় সময় বৃহস্পতিবার আলাস্কার পশ্চিমাঞ্চলে কেপ নিউনহাম লং রেঞ্জ রাডার সাইটের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলটি অঙ্গরাজ্যের প্রধান শহর এঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল বা ৭২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে মার্কিন এয়ার ফোর্স ও আলাস্কা কমান্ড। আলাস্কা কমান্ড, আলাস্কা নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড রিজিয়ন এবং ১১তম এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, এ ঘটনা সামরিক পরিবার এবং তাদের সেবাদানকারী জনগোষ্ঠীর জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও বড় ক্ষতি।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বিমানের আরোহীরা একটি নির্দিষ্ট মিশনে নিয়োজিত ছিলেন। কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এসব মানুষ ছিলেন নিবেদিতপ্রাণ পেশাদার। এ পরিস্থিতিতে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানোই তাদের প্রধান অগ্রাধিকার।
দুর্ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। বিমানটি এঙ্করেজ থেকে উড্ডয়ন করেছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে কেপ নিউনহামে অবতরণের প্রস্তুতির সময় এটি দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আলাস্কা কমান্ড জানিয়েছে, কেপ নিউনহামের রাডার স্টেশনটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজোনাল সাপোর্ট সেন্টারের অধীনে পরিচালিত হয়। এটি আলাস্কার আকাশসীমা ও সীমান্ত দিয়ে চলাচলকারী বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণকারী একটি দূরবর্তী রাডার নেটওয়ার্কের অংশ।
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিকে ‘সিভিলিয়ান-কন্ট্রাক্টেড এয়ারক্রাফট’ হিসেবে উল্লেখ করেছে সামরিক কর্তৃপক্ষ। তবে বিমানে থাকা ব্যক্তিরা কী ধরনের নির্দিষ্ট সামরিক বা সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নেওয়া দলগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে আলাস্কা কমান্ড।
সূত্র: এপি
-স্বাধীন/ এমএ
মার্কিন সামরিক ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

