মাঝআকাশে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত, অল্পের জন্য রক্ষা পেল বিমান

প্রকাশঃ Sep 30, 2026 - 17:35
মাঝআকাশে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত, অল্পের জন্য রক্ষা পেল বিমান

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী একটি বিমান মাঝআকাশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়লেও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আকাশে থাকা অবস্থায় বিমানের ক্যাপ্টেনকে ছুরি দিয়ে আঘাত করেন কো-পাইলট। এ সময় মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। তবে বিমানে থাকা আরও দুই পাইলট দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।

রক্তাক্ত অবস্থায় ককপিটে ক্যাপ্টেন

বিমানের এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ক্যাপ্টেন। তার শরীর রক্তে ভিজে যায় এবং একপর্যায়ে তিনি ককপিটের মেঝেতে পড়ে ছিলেন।

এদিকে ছুরি হামলা চালানো কো-পাইলটকে যাত্রীরা ধরে বেঁধে ফেলেন। তাকেও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তিনি যাত্রীদের মারধরের শিকার হয়েছেন কি না, নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কয়েকজন যাত্রী ক্যাপ্টেনের চিৎকার শুনে পরিস্থিতি আঁচ করতে পেরে ককপিটে ছুটে যান। সেখানে গিয়ে তারা ক্যাপ্টেনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

জরুরি সংকেত ‘৭৭০০’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটদের মধ্যে হাতাহাতির সময় বিমানটি থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠানো হয়।

‘৭৭০০’ সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত একটি সংকেত। তবে সংকেত পাওয়ার পর বেন গুরিয়ন বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

পরে অবশ্য জানা যায়, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়নি।

তাবুকে নিরাপদে অবতরণ

জরুরি সংকেত পাঠানোর পর বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নেওয়া হয়। সেখানে নিরাপদে অবতরণ করে বিমানটি।

তাবুক আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ঘটনায় বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমানের সব যাত্রী নিরাপদে আছেন।

-স্বাধীন/এস

মাঝআকাশে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত, অল্পের জন্য রক্ষা পেল বিমান
লোগো
Sep 30, 2026

মাঝআকাশে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত, অল্পের জন্য রক্ষা পেল বিমান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta