টাইফুন দুজুয়ানে জাপানে নিহত ৪, নিখোঁজ ৬
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানের কানতো অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত, ভূমিধস ও বন্যায় অন্তত চারজন নিহত এবং ছয়জন নিখোঁজ হয়েছেন।
চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে পুলিশ, দমকল বাহিনী ও সেলফ-ডিফেন্স ফোর্স কাজ করছে।
টোকিওর ওশিমায় ৪৮ ঘণ্টায় ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা সেখানে সর্বোচ্চ। চিবা ও টোকিওর বিভিন্ন এলাকাতেও রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।
ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রেল চলাচল ব্যাহত এবং বহু ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চারটি প্রিফেকচারে প্রায় ৪৮ হাজার পরিবার বিদ্যুৎহীন ছিল।
ঝড়টি প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেলেও মাটি অতিরিক্ত ভেজা থাকায় আরও ভূমিধস ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি রেখেছে জাপান আবহাওয়া সংস্থা। কানতো ও তোহোকু উপকূলে ৫ মিটার পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: জাপান টাইমস
-স্বাধীন/এমএ
টাইফুন দুজুয়ানে জাপানে নিহত ৪, নিখোঁজ ৬

