কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

প্রকাশঃ Aug 19, 2026 - 16:22
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

এখন পর্যন্ত নিহত ৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং একজন ভারতীয়।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন শণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশীষ দত্ত ও মোহাম্মদ আকরাম আলী। তারা সবাই কুষ্টিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

অন্যদিকে নিহত আরেক বাংলাদেশির নাম আহমেদ বাবু। তিনি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আদম আলী।

নিহত ভারতীয় নাগরিকের নাম সন্দীপ পাসওয়ান। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং ওই হোটেলের কর্মচারী ছিলেন।

অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি গভীর ঘুমে ছিলেন। আগুনের ধোঁয়ায় ঘুমের মধ্যেই অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। যারা দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে বের হওয়ার চেষ্টা করেন, তাদের কয়েকজন প্রাণে বেঁচে যান। তবে কয়েকজন ঘুমের মধ্যেই মারা যান।

ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কলকাতার নিউমার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয়ভাবে ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত নিউমার্কেট এলাকা। এর আশপাশের কলিন স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক আবাসিক হোটেল রয়েছে।

স্থানীয় সূত্রের হিসাবে, এসব এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০টি হোটেল রয়েছে।

নিউমার্কেট এলাকায় বাংলাদেশি নাগরিকদের নিয়মিত যাতায়াত রয়েছে। ফলে অগ্নিকাণ্ডে নিহতদের বেশির ভাগ বাংলাদেশি হওয়ায় ঘটনাটি নিয়ে বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

-স্বাধীন/ এমএ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
লোগো
Aug 19, 2026

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta