সৌদির বাণিজ্যিক জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। জাহাজ চলাচল-সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির তিনজন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক।
গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।
হামলার খবর নিশ্চিত হলে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে এটিকে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্কস। সংস্থাটির মতে, বাব আল-মান্দেব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ২০ জুলাই হুথিরা বাব আল-মান্দেব ঘিরে অবরোধ ঘোষণার পরও প্রণালিটিতে জাহাজ চলাচল তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করছে।
তবে ঝুঁকি এড়াতে সৌদি মালিকানাধীন ও পরিচালিত কিছু তেলবাহী জাহাজ বাব আল-মান্দেব দিয়ে না গিয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: সিএনএন
-স্বাধীন দিগন্ত/ এমএ
সৌদির বাণিজ্যিক জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

