পাকিস্তানে পৃথক অভিযানে দুই কমান্ডারসহ নিহত ৯
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক নিরাপত্তা অভিযানে দুই কমান্ডারসহ নয় সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। কুররাম জেলা ও পেশোয়ারে চালানো এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যরা নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর সামা টিভি অনলাইনের।
নিরাপত্তা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর কুররাম জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। এতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে সম্পৃক্ত চারজন নিহত হয়।
নিহতদের মধ্যে উবায়দুল্লাহ সাদ নামে এক আফগান নাগরিক ছিলেন। তিনি আফগানিস্তানের লগার প্রদেশের বাসিন্দা এবং ওই গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন বলে দাবি করেছে নিরাপত্তা সূত্র। পাকিস্তানে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
পেশোয়ারে নিহত ৫
অন্যদিকে, পেশোয়ারের আরমার এলাকার শামসতো ক্যাম্পে পৃথক অভিযান চালায় কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। এতে আরও পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়।
সিটিডির মুখপাত্র জানান, নিহত পাঁচজনই নিষিদ্ধ ঘোষিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে ইমরান ওরফে আবদুল্লাহ নামে একজন গুরুত্বপূর্ণ কমান্ডারও ছিলেন।
অভিযান শেষে নিহতদের কাছ থেকে একটি এসএমজি, কয়েকটি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয়ভাবে তৈরি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিটিডি।
সিটিডির মুখপাত্রের দাবি, নিহতরা পেশোয়ারের বিভিন্ন এলাকায় হামলার পরিকল্পনা করছিলেন।
হামলা ও টার্গেট কিলিংয়ের অভিযোগ
সিটিডি জানিয়েছে, ইমরান ওরফে আবদুল্লাহ ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ও টার্গেট কিলিংয়ের ঘটনায় পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি হামলা ও টার্গেট কিলিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কর্মকর্তারা জানান, ইমরানকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য ১ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
তবে নিহতদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
-স্বাধীন দিগাস্ত/এস
পাকিস্তানে পৃথক অভিযানে দুই কমান্ডারসহ নিহত ৯

