রিয়াদ বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন, আকাশে কালো ধোঁয়া
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দরের আশপাশে আগুনের তীব্র শিখা ও আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুন ও ধোঁয়া এতটাই তীব্র ছিল যে, বিমানবন্দর এলাকা থেকে বেশ দূর থেকেও তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের কাছাকাছি একটি জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে সৌদি আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকেও আগুন জ্বলতে দেখা গেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো হামলার ফল নাকি দুর্ঘটনা—সে বিষয়েও সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
ঘটনার পর সৌদি সরকারি তথ্য দপ্তরের কাছে আগুনের কারণ জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।
এদিকে, একই সময়ে রিয়াদ ও আল-খার্জ এলাকায় সম্ভাব্য আকাশ হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল বলে জানা গেছে। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। এর পরপরই বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়া দেখা যাওয়ায় ঘটনাটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে এখন পর্যন্ত আগুনের সঙ্গে কোনো হামলার সরাসরি সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয়নি। ঘটনাটির প্রকৃত কারণ জানতে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
-স্বাধীন/এস
রিয়াদ বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন, আকাশে কালো ধোঁয়া

