অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা আজাদ
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন এলিজা আজাদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হন।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বেড়েছে।
অস্ট্রেলিয়ার নাগরিক এলিজা আজাদের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে।
দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এলিজা। পরবর্তী সময়ে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
এলিজা আজাদ বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। নারীরা যাতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও বেশি এগিয়ে আসতে পারেন, সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান।
এই পথচলায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশি ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটির সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি। তাদের সমর্থনকে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এলিজা।
এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সিডনির বাংলাদেশি কমিউনিটি। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মনে করছেন, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তার অবস্থান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।
এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
-স্বাধীন দিগা
অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা আজাদ

