মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল
হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব্যাপকভাবে অভিবাসন দমন অভিযান অব্যাহত রয়েছে। এর আওতায় হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসন সুবিধা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকির পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে।
এতে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের ব্যাপক হারে ভিসা বাতিলের সিদ্ধান্ত গত বছর ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর শুরু হওয়া অভিবাসন দমন অভিযানেরই প্রতিফলন। এর মাধ্যমে বৈধ ভিসাধারীসহ নজিরবিহীন সংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় বলছে, ধারাবাহিক যাচাই-বাছাই কার্যক্রমের ফলস্বরূপ এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো, ভিসাধারীরা যাতে ভিসার শর্তাবলি মেনে চলেন এবং মার্কিন নাগরিকদের জন্য কোনো হুমকি সৃষ্টি না করেন, তা নিশ্চিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা, মাতাল অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদকসংক্রান্ত অপরাধ ভিসা বাতিলের অন্যতম প্রধান কারণ ছিল।
এতে আরও বলা হয়েছে, উত্তর আফ্রিকায় অবস্থিত একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজমের’ জন্য ১০০ জনেরও বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। তারা মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, যাতে তাঁদের সন্তানরা মার্কিন নাগরিকত্ব পায়।
মন্ত্রণালয় বলেছে, মার্কিন নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্ত অব্যাহত রাখবে ট্রাম্প প্রশাসন।
পররাষ্ট্র দপ্তর বলছে, মার্কিন ভিসা একটি বিশেষ সুবিধা, কোনো অধিকার নয়। যারা এই সুবিধার অপব্যবহার করবে, তাদের ভিসা বাতিল করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত জানুয়ারিতে মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে। ওই সময় এটি একটি রেকর্ড ছিল।
সূত্র: আল জাজিরা
-স্বাধীন দিগন্ত/ এমএ
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল

