হুথিদের হামলায় মহা বিপাকে সৌদি, বিমান প্রতিরক্ষায় মিত্রদের দ্বারস্থ

প্রকাশঃ Sep 17, 2026 - 20:25
হুথিদের হামলায় মহা বিপাকে সৌদি, বিমান প্রতিরক্ষায় মিত্রদের দ্বারস্থ

ইয়েমেনের হুথিদের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে। এতে বাড়ছে রিয়াদের উদ্বেগ। পরিস্থিতি সামাল দিতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে সৌদি আরব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আঞ্চলিক এক কর্মকর্তা জানান, হুথি এবং ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ওই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ জানিয়েছে রিয়াদ।

সৌদি আরবের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে ছয় মাসের সংঘাতের কারণে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুত কমে যাওয়ায় রিয়াদের অনুরোধ পূরণে সীমাবদ্ধতার মুখে পড়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর মধ্যেই বুধবার সৌদি আরব অভিযোগ করেছে, হুথিরা ইসলামের পবিত্রতম শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। মক্কাকে তারা ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে বলেও জানিয়েছে রিয়াদ।

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। ইয়েমেনের সীমান্ত থেকে মক্কার দূরত্ব প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার।

হুথিদের হামলার পাশাপাশি ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের হামলায় সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনও বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। লোহিত সাগরে সৌদি জাহাজ ও অবকাঠামোও হুথিদের হামলার ঝুঁকিতে রয়েছে।

এর সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে উত্তেজনাও অব্যাহত রয়েছে। এসব পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলবাজারেও। ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

এক আঞ্চলিক কর্মকর্তা বলেন, সৌদি আরব বর্তমানে ‘খুব কঠিন অবস্থার’ মধ্যে রয়েছে। কারণ দেশটিকে একই সঙ্গে সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা তেল স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদি বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সামরিক পরিকল্পনায় সহায়তা বাড়াতে দেশটির সেন্ট্রাল কমান্ডের একটি টাস্কফোর্স কাজ করছে।

তবে চলমান পরিস্থিতিতে সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিষয়ে ওয়াশিংটনের অনাগ্রহের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

-স্বাধীন/এমএ

হুথিদের হামলায় মহা বিপাকে সৌদি, বিমান প্রতিরক্ষায় মিত্রদের দ্বারস্থ
লোগো
Sep 17, 2026

হুথিদের হামলায় মহা বিপাকে সৌদি, বিমান প্রতিরক্ষায় মিত্রদের দ্বারস্থ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta