সৌদির আকাশে ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

প্রকাশঃ Oct 2, 2026 - 12:26
সৌদির আকাশে ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন ও যানবাহন

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি জানান, সৌদি আরবের খামিস মুশাইত আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র জাজান এলাকায় প্রতিহত করা হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আল-মালিকি বলেন, হুথিদের হামলা প্রতিহত করা এবং তাদের এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে।

এর কয়েক ঘণ্টা আগে সামরিক জোট জানায়, মদিনার তায়বা এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে গত মঙ্গলবারের ড্রোন হামলার জন্য হুথিরাই দায়ী। তদন্তে এ হামলার সঙ্গে হুথিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।

জোটের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ শহরের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও দেশটির সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

মদিনায় ওই হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। উপসাগরীয় সহযোগিতা পরিষদও সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর নিরাপত্তা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এর আগে শনিবার রিয়াদমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছিল সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

-স্বাধীন/এস

সৌদির আকাশে ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি
লোগো
Oct 2, 2026

সৌদির আকাশে ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta