পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় কারিগরি দল গঠন
পানি বণ্টনসংক্রান্ত চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য সরকার একটি কারিগরি দল গঠন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ বিষয়ে শিগগিরই ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজবাড়ীর কলিমহড় গ্রামে নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিতুমীর বলেন, নদীগুলোতে পর্যাপ্ত পানি প্রবাহ থাকলে কৃষি ও মৎস্য উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব। এ কারণেই বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহারের বিষয়ে অঙ্গীকার করেছে।
তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শুধু পানির আধার তৈরি নয়, বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হবে।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, উজান থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পানি সম্পদ নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, ৫৪টি অভিন্ন নদীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক পানি প্রবাহের সম্পর্ক রয়েছে। এসব বিষয়ে সরকারের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। ন্যায্যতার ভিত্তিতে দেশের স্বার্থ নিশ্চিত করতে সরকার কাজ করবে।
তিতুমীর বলেন, আন্তর্জাতিক আইনের স্বীকৃত নীতি ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নিয়ম অনুসরণ করে ভাটি অঞ্চলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
-স্বাধীন/এমএ
পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় কারিগরি দল গঠন

