প্রধানমন্ত্রীকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ কমিটি গঠন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের ‘ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স’ (এনসিসিএফ) গঠন করেছে সরকার। জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনতেই এ কমিটি গঠন করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সহ-সভাপতি হিসেবে থাকছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আর কমিটির সমন্বয়ের প্রধান দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবরা।
প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্বে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট বিষয়ে বাংলাদেশের জাতীয় রূপকল্প, লক্ষ্য ও কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করবে। পাশাপাশি কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নসংক্রান্ত জাতীয় নীতিগত দিকনির্দেশনাও দেবে কমিটি।
প্যারিস চুক্তির আর্টিকেল-৬সহ আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে বাংলাদেশের জাতীয় কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো প্রণয়ন, অনুমোদন এবং বাস্তবায়নের বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্বও থাকবে এই কমিটির। একই সঙ্গে দেশে কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার নীতিগত নির্দেশনা দেওয়া এবং আর্টিকেল-৬ বাস্তবায়নে মনোনীত জাতীয় কর্তৃপক্ষ বা ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটির কার্যক্রম তদারকি করবে কমিটি।
নবগঠিত কমিটি জলবায়ু অর্থায়নসংক্রান্ত নীতি, কৌশল ও নির্দেশিকা চূড়ান্ত করবে। পাশাপাশি বিদ্যমান নীতি ও কাঠামোর প্রয়োজনীয় সংশোধন ও সংস্কারের সুপারিশ করবে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় জলবায়ু তহবিল এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যোগাযোগ, অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নও কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে।
এ ছাড়া জলবায়ু অর্থায়নসংক্রান্ত বাস্তবায়ন কমিটি ও কারিগরি কমিটিগুলোর কার্যক্রম তদারকি, তাদের প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দায়িত্বও জাতীয় কমিটির ওপর দেওয়া হয়েছে। আন্তমন্ত্রণালয় পর্যায়ে জলবায়ু অর্থায়নসংক্রান্ত নীতিগত কোনো জটিলতা দেখা দিলে তা নিরসনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এই কমিটি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভা বছরে অন্তত দুইবার অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সভা আহ্বান করা যাবে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রজ্ঞাপন জারির দিন থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।
-স্বাধীন/এমএ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ কমিটি গঠন

