ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রকাশঃ Sep 14, 2026 - 13:25
ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফল আসায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২৬ কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়।

পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে মিরপুর সেনানিবাসে যান তিনি। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়। বিষয়টি ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই বিধিমালার ১২(১) অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

-স্বাধীন/এমএ

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত
লোগো
Sep 14, 2026

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta