বন্ধ এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট
দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ বাড়িয়েছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ শুরু করেছে।
শুক্রবার রাতে এক বিবৃতিতে সামিট এলএনজি জানিয়েছে, ধাপে ধাপে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। আগামী ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৫৫০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
টার্মিনালটি থেকে বাড়তি গ্যাস সরবরাহের ফলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এতে জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।
বিবৃতিতে কোম্পানিটি আরও জানায়, বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস সংকট মোকাবিলা ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবে সামিট এলএনজি।
- স্বাধীন দিগন্ত/এমএ
বন্ধ এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট

