নবম পে-স্কেলের গেজেট প্রকাশ কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছেন, বুধবার (২ সেপ্টেম্বর) অথবা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।
অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হলে নতুন বেতন কাঠামো, মূল বেতন ও ভাতার বিস্তারিত তথ্য স্পষ্ট হবে।
গত সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ এবং ‘সশস্ত্র বাহিনীর যৌথবাহিনী নির্দেশাবলি-২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সচিব কমিটির সুপারিশের পাশাপাশি মূল্যস্ফীতি, সরকারের আর্থিক সক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে।
অনুমোদিত বেতন স্কেলে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
২০তম গ্রেড: সর্বনিম্ন গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা, যা আগের তুলনায় ১৪২ শতাংশ বেশি।
১ম গ্রেড: সর্বোচ্চ গ্রেডে নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা, যা আগের তুলনায় ১০০ শতাংশ বেশি।
কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমাতে বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাত পরিবর্তন করে ১:১.৭৮ করা হয়েছে।
নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে।
এই অতিরিক্ত অর্থের সংস্থান করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
-স্বাধীন/এমএ
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

