ভারত কেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল—এটি আমাদের প্রশ্ন।"
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তবে সেখানে অবস্থান করে তিনি বাংলাদেশকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাকে সরাসরি গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি আরও বলেন, "বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত সরকার কেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিল?"
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক জনসম্মুখে বক্তব্য।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওই সংবাদ সম্মেলনের আগে বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বক্তব্যের পরও পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করে।
আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জুলাই আন্দোলনে তারা গণহত্যা চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা দুঃখ প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। বরং ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে।"
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে নয়। "আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দেবে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে," বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদের দাবি, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দল ও মতের মানুষের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এ কারণে দলটির প্রতি জনগণের আস্থা নেই এবং শেষ পর্যন্ত জনগণই তাদের বিচার করবে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
ভারত কেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

