রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় ব্যালট গণনা।
প্রধান নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার ও ইসি সচিব ভোট গণনার কার্যক্রম পরিচালনা করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোটগ্রহণ শুরুর আগে দুপুর ২টায় সিইসি এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।
নির্বাচন কমিশনের ২০ জন কর্মকর্তা সংসদ সদস্যদের ভোট দিতে সহযোগিতা করেন এবং তাদের কাছে ব্যালট পেপার সরবরাহ করেন। এমপিরা তিনটি স্বচ্ছ ব্যালট বাক্সে সাদা-কালো ছাপানো ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন।
অধিবেশন কক্ষের নির্ধারিত স্থানে রাখা ব্যালট বাক্সে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভোটগ্রহণ শেষে সিইসি বলেন, এখন ভোট গণনার কার্যক্রম চলবে। জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের সহায়ক কর্মকর্তারা ভোট গণনায় অংশ নেবেন। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সিইসি জানান, ব্যালট গণনার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা, বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে।
-স্বাধীন/ এমএ
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

