বিএনপি জনবিচ্ছিন্ন পায়ের তলায় মাটি নেই : ডাকসু ভিপি
বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে দলটির ‘পায়ের তলায় আর মাটি নেই’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে কয়েকজন সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘আমরা চেয়েছিলাম আপনারা পাঁচ বছর ভালো করে চালান। কিন্তু এখন বিএনপির যে অবস্থা, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পায়ের তলায় আর মাটি নেই।’ তাঁর দাবি, এ কারণে দলটির নেতারা ‘অস্বাভাবিক আচরণ’ করছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই এবং তাঁর এমপি-মন্ত্রীরা ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন—এমন অভিযোগও করেন তিনি।
নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদ উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম।
তিনি বলেন, সরকারি চাকরিতে সবার সমান সুযোগ নিশ্চিত করা উচিত। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকটসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের জন্য সরকারের ব্যর্থতা ও অযোগ্যতাকে দায়ী করেন তিনি।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমে দলীয়করণ করে বিরোধী মত দমনের চেষ্টা চলছে বলে তাঁরা মনে করেন।
পরীক্ষা ও বিভাগে ভালো ফল করার পরও রাজনৈতিক ভিন্নমতের কারণে যোগ্য প্রার্থীদের গেজেটভুক্ত না করা প্রশাসনিক বৈষম্য বলেও মন্তব্য করেন তিনি।
চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয় বা অন্য কোনো বিষয়কে প্রাধান্য না দিয়ে মেধাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মহিউদ্দিন খান। তাঁর ভাষ্য, মেধার ওপর দলীয় বিবেচনা চাপিয়ে দিলে এর পরিণতি গুরুতর হতে পারে।
৪৯তম বিসিএসের গেজেট নিয়ে আলোচনা
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে ৬৬৮ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিভিন্ন সম্পাদক ও সদস্য এবং বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/এস
বিএনপি জনবিচ্ছিন্ন পায়ের তলায় মাটি নেই : ডাকসু ভিপি

