অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কম: তথ্য উপদেষ্টা

প্রকাশঃ Sep 29, 2026 - 14:33
অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কম: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে নৈরাজ্য ও সহিংসতার ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, যে পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার পুলিশ বাহিনীকে পেয়েছে, সেটি বিবেচনায় নিলে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন। পুলিশ বাহিনীও পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং তারা ভালো কাজ করছে বলে সরকার মনে করে।

তবে এখনও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং কোথাও কোথাও দায়িত্বে অবহেলার বিষয় রয়েছে বলেও স্বীকার করেন তিনি। তার দাবি, যেখানে এমন ঘটনা ঘটছে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে অপরাধের ঘটনাও কম বলে দাবি করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মূল্যায়নে অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে তুলনা করা প্রয়োজন। কারণ ৫ আগস্টের পর পুলিশ বাহিনীকে একটি ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত অবস্থায় দেখা গেছে।

অন্তর্বর্তী সরকারের সময়ের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, তখন অনেক ক্ষেত্রে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি দুটি শীর্ষস্থানীয় পত্রিকায় হামলার ঘোষণা দেওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা তা চলেছে এবং পুলিশকে নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে। কোনো সংবাদপত্রের মতাদর্শ নিয়ে কারও ভিন্নমত থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা দেখা গেছে।

তিনি আরও বলেন, ওই সময়ে মাজার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোথাও ফুটবল খেলা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নাটক, মেলা ও সাংস্কৃতিক আয়োজন বন্ধ করার ঘটনাও ঘটেছে।

বর্তমান সরকারের সময়েও কয়েকটি নৈরাজ্যকর ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ সময়ে দুই-তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো কোনোভাবেই হওয়া উচিত ছিল না। তবে আগের সময়ের সঙ্গে তুলনা করলে বর্তমান পরিস্থিতি অনেক ভালো।

সংবাদ সম্মেলনে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের উদ্ধৃত করে তথ্য উপদেষ্টা জানান, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে পারমাণবিক শক্তি নিয়ে দুই দেশের সহযোগিতা চুক্তির বিষয়টি এগিয়ে যাবে।

এ ছাড়া সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে দেশে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে বলে সরকার আশাবাদী বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

-স্বাধীন/এমএ

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কম: তথ্য উপদেষ্টা
লোগো
Sep 29, 2026

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কম: তথ্য উপদেষ্টা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta