ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী

প্রকাশঃ Sep 15, 2026 - 13:39
ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সময়সূচি নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে, সে বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচনে ইসির পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে মীর শাহে আলম বলেন, ‘আপনাদের মতো আমরাও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ধাপের তারিখ ঘোষণা করেছে। এ বিষয়ে সরকার কিছু জানে না। সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন কার্যক্রমের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে বাজেটসহ আরও কিছু বিষয় বিবেচনায় থাকে।’

প্রতিমন্ত্রী আবারও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তারিখের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ফলে সরকার এ বিষয়ে কিছু জানে না।

এর আগে সোমবার বিকেলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে ১২ নভেম্বর। তবে আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃবিভাগীয় বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে উপনির্বাচনের কারণে ঠাকুরগাঁওকে প্রথম ধাপের বাইরে রাখা হয়েছে। জেলাটি দ্বিতীয় ধাপে নির্বাচন হবে।

পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপে, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপে এবং ২৭ মে সপ্তম ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিভিন্ন পরীক্ষা, দুর্গাপূজা, রমজান ও ঈদের সময় বিবেচনায় নিয়ে সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানান ইসি সানাউল্লাহ। তবে ১৭ সেপ্টেম্বর আন্তঃবিভাগীয় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হতে পারে।

-স্বাধীন/এমএ

ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী
লোগো
Sep 15, 2026

ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta