পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

প্রকাশঃ Sep 13, 2026 - 15:52
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের তিন সিনেটর।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ফরাসি সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান। ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে তারা বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের এটিই প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর। ফলে এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদার, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় এবং সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সফরকালে ফরাসি সিনেটররা বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করবেন তারা।

সফরসূচির অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ফরাসি সিনেটররা।

এ ছাড়া বাংলাদেশে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার আওতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন তারা। ঢাকার বিভিন্ন জাদুঘর পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক
লোগো
Sep 13, 2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta