কৃষকরাই দেশের প্রকৃত ও শ্রেষ্ঠ মানুষ, তারাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

প্রকাশঃ Sep 27, 2026 - 19:23
কৃষকরাই দেশের প্রকৃত ও শ্রেষ্ঠ মানুষ, তারাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের প্রকৃত ও শ্রেষ্ঠ মানুষ। তারাই দেশ গড়ার যোদ্ধা। কৃষকদের সম্মান জানানো ও তাদের উৎসাহিত করতে কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ উদ্যোগের কথা জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন মো. আব্দুল জলিল (লিচু কিতাব), মো. হাসান আলী (ড্রাগন হাসান), মোছা. বেলী বেগম (সবজি বেলী), মো. আবু তালেব জোয়াদ্দার (মাছ তালেব), মো. হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম।

রাষ্ট্রপতি দল-মত-পথের ঊর্ধ্বে উঠে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় কৃষি ও বাণিজ্যমন্ত্রীসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার পরামর্শ দিয়ে কৃষকদের স্বার্থকে একটি বৃহত্তর আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, দেশের সবচেয়ে ইতিবাচক খাতগুলোর একটি হলো কৃষি। কৃষকের শ্রম, ঘাম, নতুন নতুন উচ্চফলনশীল জাত উদ্ভাবন এবং কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে দেশে ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে।

রাষ্ট্রপতি বলেন, কৃষকেরা দুর্নীতি করেন না; বরং সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার কাছে পৌঁছাতে পারে এবং কৃষক যাতে সঠিক মূল্য পান, সেজন্য কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

এ বিষয়ে কৃষকদের আরও উদ্যোগী, সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি জানান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার একটি নতুন স্কিম চালু করেছে। এরই মধ্যে এতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো বর্তমান সরকারও কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থা করাসহ কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, অচিরেই কৃষকরা এসব উদ্যোগের সুফল পাবেন।

সাক্ষাৎকালে কৃষক সমিতির প্রতিনিধি দল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, বিনা সুদে ঋণ সুবিধা, কৃষকদের স্বীকৃতি দিতে কৃষক দিবস পালন ও জাতীয় পুরস্কার প্রদান, শস্যবীমা চালু, জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব এবং বজ্রপাত ও সাপের কামড় থেকে কৃষকদের সুরক্ষাসহ কৃষি উপকরণ সহজলভ্য করার বিষয়ে বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে উৎপাদিত ফলমূল ও কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং এ খাতে বিপুল সম্ভাবনাও রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে এগিয়ে আসার জন্য সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া কৃষিপ্রক্রিয়াজাত শিল্প-কারখানা ও আধুনিক হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি খামারে আধুনিক সোলার প্যানেল ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। কৃষিঋণের সুদ, বিশেষ করে এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে কৃষক সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদানের জন্য ৭০ বছরের বেশি বয়সী কৃষকদের সংবর্ধনা এবং আধুনিক কৃষিপণ্য প্রদর্শন ও বাণিজ্যিকীকরণে মেলা আয়োজনের উদ্যোগের কথা রাষ্ট্রপতিকে জানান। একই সঙ্গে তাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।

রাষ্ট্রপতি মেলায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

কৃষকরাই দেশের প্রকৃত ও শ্রেষ্ঠ মানুষ, তারাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি
লোগো
Sep 27, 2026

কৃষকরাই দেশের প্রকৃত ও শ্রেষ্ঠ মানুষ, তারাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta