গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত এবং সন্তানদের প্রাণের বিনিময়ে দীর্ঘদিনের লড়াইয়ের পর একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার দ্রুত সময়ের মধ্যে দেশকে একটি ভগ্নস্তূপ থেকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করছে।
মির্জা ফখরুল বলেন, ‘আমি প্রায়ই আপনাদের বলতাম আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করি, তারা অনেকটা ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যাওয়ার পরও সেই ধ্বংসস্তূপ থেকে আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।’
গণতন্ত্র রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।’
তিনি বলেন, বর্তমানে যারা সরকারি ও বিরোধী দলে রয়েছেন, উভয়েরই প্রধান দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা। একই সঙ্গে জাতীয় সংসদকে কার্যকর করে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে আলোচনা ও আলাপ-আলোচনার মাধ্যমে এসব দ্বিমত ও সমস্যার সমাধান করা সম্ভব।
আগামীর করণীয় তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীতে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, আর সামনে দেশের পুনর্গঠন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লড়াই। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ গড়ে তোলার লক্ষ্যেও কাজ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা বারবার হোঁচট খেয়েছি। এ দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কিন্তু প্রতিবারই নানা বাধার মুখে পড়েছে। আজ সেই সুযোগ এসেছে। এই সুযোগ যেন আমরা কোনোভাবেই অবহেলায় হারিয়ে না ফেলি এ কথা সবসময় মনে রাখতে হবে।’
সিলেটের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, স্থানীয়দের পক্ষ থেকে সিলেটের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা কাজ করছেন এবং ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সিলেটের চলমান ও প্রস্তাবিত বড় প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাবে এবং এর মাধ্যমে দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষা পূরণ হবে।
-স্বাধীন/এমএ
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

